হ্যাটট্রিক কাউন্সিলরকে হারিয়ে যুক্তরাজ্যে বিজয়ী বাঞ্ছারামপুরের আবু নোমান

যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভবনাথপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আবু নোমান। লন্ডনের ওয়াল অ্যান্ড ওয়ার্ডে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির টানা তিনবারের বিজয়ী কাউন্সিলরকে বিপুল ভোটে পরাজিত করে নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি।
মোহাম্মদ আবু নোমান বাঞ্ছারামপুর উপজেলার ভবনাথপুর গ্রামের মরহুম হাজী শামসুল ইসলামের সন্তান এবং বাঞ্ছারামপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী হুমায়ুন কবিরের ছোট ভাই। তিনি প্রয়াত মৌলভী মহব্বত আলী উকিলের নাতি ও মরহুম কর্নেল নূর মোহাম্মদের মামাতো ভাই।
তাঁর এই বিজয়কে শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়, বরং বাঞ্ছারামপুর ও বাংলাদেশের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে দেখছেন স্থানীয়রা। প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে এই জয় নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলেও মনে করছেন অনেকে।
উল্লেখ্য, বিদেশের মাটিতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আবু নোমানের এটি প্রথম সাফল্য নয়। এর আগে ইতালিতে অবস্থানকালে তিনি পিসা প্রভিন্স থেকে বিপুল জনসমর্থন নিয়ে প্রভিন্সিয়াল কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ইতালি ও যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে তাঁর এই জোড়া সাফল্য প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আবু নোমানের এই ধারাবাহিক অর্জনে বাঞ্ছারামপুরসহ ব্রাহ্মণবাড়িয়া জুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাঁর স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের আরও সাফল্য কামনা করেছেন।



