ব্রাহ্মণবাড়িয়াসরাইল

গরু চঞ্চল হওয়ায় নাম ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’, হাটজুড়ে ভিড়

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ মণ ওজনের একটি গরুকে ঘিরে কোরবানির হাটে সৃষ্টি হয়েছে ব্যাপক কৌতূহল। গরুটির নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’। ব্যতিক্রমী এই নামের কারণে হাটজুড়ে আলোচনায় আসে গরুটি, ভিড় করেন অসংখ্য উৎসুক মানুষ।
সোমবার বিকেলে উপজেলার সরাইল সদর ইউনিয়নের বড্ডা পাড়া গরুর বাজারে গরুটি তোলা হয়। গরুটির মালিক মাসুদ মিয়া উপজেলার সাগরদিঘী পাড় এলাকার বাসিন্দা।

গরুর মালিক জানান, গরুটি অনেক চঞ্চল হওয়ায় মজার ছলে তার নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটওয়ারী’। একই সঙ্গে আলোচিত একটি নাম ব্যবহার করলে গরুটি দ্রুত মানুষের নজরে আসবে এবং ভালো দাম পাওয়া যাবে—এমন প্রত্যাশাও ছিল তার।

তিনি দাবি করেন, গরুটির ওজন প্রায় ১০ মণ। গরুটির দাম চাওয়া হয়েছে ৩ লাখ ৮০ হাজার টাকা। তবে বাজারে সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত দাম উঠলেও বিক্রি করেননি তিনি।

মাসুদ মিয়া বলেন, “৩ লাখ ৫০ হাজার টাকা হলে গরুটি দিয়ে দিব। আজকে যে দাম উঠছে, ওই দামে ছাড়তে পারিনি।”

হাটে আসা অনেকেই শুধু নাম শুনেই গরুটি দেখতে ভিড় করেন। কেউ ছবি তুলেছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করেছেন। ব্যতিক্রমী নামের কারণে গরুটি এখন সরাইলের হাটে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

Related Articles

Back to top button