লাখ টাকার ফাইনালে টাইব্রেকার ড্রামা: হাজীপুরকে হারিয়ে সেরার মুকুট শ্যামগ্রামের
এ.এস. সরকার নাঈম

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী কালগড়া মাঠে অনুষ্ঠিত লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে শক্তিশালী শ্যামগ্রাম ফুটবল ক্লাব। এক চরম উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ফাইনালে তারা হাজীপুর ফুটবল ক্লাবকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয়।
নির্ধারিত সময়ের খেলায় দুই দলই দুর্দান্ত ও আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। দেশি ও বিদেশি নামী-দামি তারকা খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দুই পরাশক্তির মাঠের লড়াই শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় ছিনিয়ে নেয় শ্যামগ্রাম। গ্যালারিতে উপস্থিত হাজারো দর্শকের উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশ ম্যাচটিতে যেন একটি মিনি বিশ্বকাপের আবহ তৈরি করেছিল।
বর্তমান সময়ে দেশের খেপের মাঠ কাঁপানো দেশি-বিদেশি তারকাদের নিয়ে অত্যন্ত শক্তিশালী দল গঠন করেই টুর্নামেন্টে অংশ নিয়েছিল শ্যামগ্রাম ফুটবল ক্লাব। আর মাঠের পারফরম্যান্সে সেই শক্তির প্রমাণ দিয়েই শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুললো দলটি।
দলের এই অবিস্মরণীয় সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন টিম ম্যানেজার ইয়াসিন আরাফাত রিমন। ক্লাবের সার্বিক কার্যক্রম ও দল পরিচালনায় তিনি নিরলসভাবে কাজ করেছেন। শুরু থেকেই দলের পাশে থেকে সার্বিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন ক্লাবের প্রতিষ্ঠাতা রহিম চৌধুরী। এছাড়াও দলের সার্বিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রেখেছেন সাজ্জাতুল ইসলাম সায়মন এবং রায়হান আহমেদ। পাশাপাশি দেশ-বিদেশে অবস্থানরত শ্যামগ্রামের প্রবাসী ভাইদের আর্থিক ও নানামুখী সহযোগিতা ক্লাবের এই সাফল্যকে আরও সহজতর করেছে।
উল্লেখ্য, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং উদীয়মান ফুটবলারদের প্রতিভার বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে শ্যামগ্রাম ফুটবল ক্লাব। লাখ টাকার এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক ও এলাকাবাসীর মধ্যে এখন বইছে আনন্দের জোয়ার ও উৎসবের আমেজ।



