গ্রামবাসীর কিনে দেয়া অটোরিকশাটিও হয়ে গেল ছিনতাই, সব হারিয়ে দিশেহারা কালাইনগরের রুবেল

গ্রামবাসীর কিনে দেয়া অটোরিকশাটিও হয়ে গেল ছিনতাই, সব হারিয়ে দিশেহারা কালাইনগরের রুবেল
বাবা নেই, সংসারে অভাব অনটন। জীবিকার কোনো রাস্তাও ছিল না রুবেলের। কিছুদিন আগে একটি অটোরিকশা বাড়ি থেকে চুরি হয়ে যায়। এরপর হয়ে পড়েন বেকার। শেষে গ্রামবাসী সবাই মিলে একটি অটোরিকশা কিনে দেন রুবেলকে। তা দিয়েই কোনো রকম রোজগারে চলছিল তার দিন। তবে এবার সেখানেও ভাটা। বলছিলাম কালাইনগর গ্রামের মোমেন মিয়ার ছেলে রুবেলের কথা।
গ্রামবাসীর কিনে দেয়া সেই অটোরিকশাটিও ছিনতাই হয়ে যায়। এতে কান্নায় ভেঙে পড়ে অনেকটাই দিশেহারা এখন রুবেল। তার সামনে আর জীবিকার কোনো পথ খোলা নেই। নতুন অটোরিকশা কেনার সামর্থ্যও নেই।
রুবেল জানান, যাত্রী বেশে কিছু দুর্বৃত্ত তার অটোরিকশায় ওঠেন বাঞ্ছারামপুর টেক পাড়া থেকে। তারা দুর্গারামপুর গিয়ে মারামারি করেন। একপর্যায়ে দুজনের মৃত্যুর খবর বলে রুবেলকে হাসপাতালের দিকে পাঠিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তারা। তবে তাদের কাউকেই চিনেন না রুবেল।
নিজের অটোরিকশাটি ফিরে পেতে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন রুবেল। কান্নাজড়িত কণ্ঠে বলছেন কষ্টের কথা। এ ব্যাপারে এখনো থানায় অভিযোগ দেয়া হয়নি বলে জানান তিনি।
এ দিকে তাকে সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন এলাকার সুধীজনরা। দুর্গারামপুর গ্রামের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অটোরিকশাটি খুঁজে পেতে সহযোগিতার কথা জানান। ওখানে গিয়ে তথ্য দিলে হয়তো বেরিয়ে আসতে পারে দুর্বৃত্তদের নাম।
এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রুবেলের গ্রামবাসী। একটি ছেলের শেষ সম্বলকে এভাবে কেড়ে নেয়ার ঘটনায় তারা বিচার দাবি করেন।



