রিয়াদের বাথা মার্কেট থেকে বাঞ্ছারামপুরের ৩ যুবককে অপহরণ

সৌদি আরবে তিন বাঞ্ছারামপুরের যুবককে অপহরণের অভিযোগ, মুক্তিপণ দাবি।
সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা মার্কেট এলাকায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তিন প্রবাসী বাংলাদেশিকে অপহরণের অভিযোগ উঠেছে। গতকাল রাতে খাবার খেতে যাওয়ার পথে ৮–৯ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
অপহৃতদের পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। শুক্রবার সকাল থেকেই পরিবারের সদস্যদের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছে।
ইতোমধ্যে একজনের পরিবার ৫০ হাজার টাকা পরিশোধ করেছে বলেও জানা গেছে। তবে এরপরও ওই প্রবাসীকে মুক্তি দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
অপহৃত তিনজন হলেন বাঞ্ছারামপুর উপজেলার চর শিবপুর গ্রামের মো. কাউছার, চর শিবপুর গ্রামের
মো. ইসলাম, সলিমাবাদ গ্রামের
মো. মাসুদ।
তাদের স্বজনদের দাবি, ঘটনাটি স্থানীয় থানায় জানানো হয়েছে এবং সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। একই সঙ্গে রিয়াদে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতাও চাওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।
এ ঘটনায় বাঞ্ছারামপুরসহ প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। দ্রুত অপহৃতদের নিরাপদে উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।



