
কুমিল্লার হোমনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। আগামীকাল রোববার দুপুরে হোমনা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন হোমনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক রাজু আহমেদ সরকার। এতে অংশ নেওয়ার কথা রয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
দলীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫০ হাজার মানুষের সমাগমের লক্ষ্যে সমাবেশের প্রস্তুতি চলছে। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম জোরদার করতেই এ আয়োজন করা হয়েছে বলে দাবি এনসিপি নেতাদের।
তবে এ সমাবেশকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে তিতাস উপজেলায় এক নির্বাচনী প্রচারণায় হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্য নিয়ে বিএনপির একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। সেই ঘটনার জের ধরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে জানা গেছে।
ফেসবুকেও দুই পক্ষের নেতাকর্মীরা পাল্টাপাল্টি পোস্ট ও প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ আগের বক্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছেন।
এদিকে বিএনপির কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তাঁর ফেসবুক পোস্টে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি উদার রাজনৈতিক দল হিসেবে মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সবাইকে ফেসবুকে উত্তেজনাকর মন্তব্য থেকে বিরত থাকার অনুরোধ করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সমাবেশকে কেন্দ্র করে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট নজরে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখনো উত্তেজনা বিরাজ করলেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছে।



