কসবাব্রাহ্মণবাড়িয়া

কসবায় বাড়ির পাশের ডোবায় মিলল আওয়ামী লীগ নেতার মরদেহ, পিঠে আঘাতের চিহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর নায়েব আলী (৬০) নামে এক সাবেক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী ধজনগর গ্রামের একটি ডোবা থেকে তাঁর মরদেহ পাওয়া যায়।

‎নিহত নায়েব আলী ধজনগর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে এবং গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে খাওয়া শেষ করে বাড়ির পাশে নিজের কলাবাগানে যান নায়েব আলী। গভীর রাতেও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। বাগান ও ডোবার পাশে তাঁর ব্যবহৃত টর্চ লাইট, লুঙ্গি-গামছা, বিড়ি ও গ্যাসলাইট এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের মধ্যে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ তৈরি হয়। পরে শুক্রবার সকালে সেই ছড়ানো জিনিসপত্রের সূত্র ধরে পাশের ডোবায় তল্লাশি চালিয়ে নায়েব আলীর লাশ পাওয়া যায়।

নিহতের ছোট ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য মনির হোসেন জানান, লাশ উদ্ধারের পর পিঠসহ শরীরে গভীর আঘাত ও কালো দাগ পাওয়া গেছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারিদের আস্তানা ও ঘরবাড়ি ভাঙচুরে নেতৃত্ব দিয়েছিলেন নায়েব আলী। ফলে মাদক ব্যবসায়ী কিংবা রাজনৈতিক প্রতিপক্ষের রোষানলে পড়ে তিনি পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে পরিবার মনে করছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button