শিক্ষা

প্রধান শিক্ষক মমতাজের প্রচেষ্টায় শ্রেষ্ঠত্ব দখল করলো বিদ্যালয়টি, রূপসদীতে উচ্ছ্বাস

 

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ বাঞ্ছারামপুর উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিকের বিদ্যাপীঠ হিসেবে নির্বাচিত হয়েছে রূপসদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানা যায়।

শিক্ষার্থীদের পড়াশোনার মান, ফলাফল, শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা, বাস্তবমুখী শিক্ষার ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করে শিক্ষা অধিদপ্তর।

শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃতি পাওয়াতে আনন্দে ভাসছে রূপসদী গ্রামের শিক্ষানুরাগীসহ প্রাক্তন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় তুলছেন আলোচনা।

এমন অর্জনে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মমতাজ বেগমের বিশেষ কৃতিত্ব রয়েছে বলে মনে করছেন অনেকেই। তার নৈপুণ্য, শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা, পড়াশোনার নিজস্ব স্টাইল ও নেতৃত্বের কারণেই এমনটি সম্ভব হয়েছে। দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ কেয়ার, সহশিক্ষা কার্যক্রমে নতুনত্ব, শিক্ষকদের গাইডলাইন এসবের উপর ভিত্তি করে বিদ্যালয়টি শ্রেষ্ঠত্বের স্থান দখলে রেখেছে।

প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, মমতাজ ম্যাডাম আছেন বলেই এমনটি সম্ভব হয়েছে। সবাইকে নিয়ে সব কিছু সামলে নেয়ার বিশেষ এক দক্ষতা ও যোগ্যতা ওনার রয়েছে। এটি আমাদের জন্য গৌরবের। এর আগেও আমাদের বিদ্যালয় নানা দিক থেকে উপজেলায় সেরা অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

শিক্ষানুরাগী মহলেরও দাবি, প্রধান শিক্ষক মমতাজের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার সেরা অবস্থানে বিদ্যালয়টি। শিক্ষার গুণগত মানের দিক থেকে দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টি সবার উপরে। মমতাজ বেগম নিজের মতো করে সব গুছিয়ে নিয়েছেন সব দিক থেকে। বিদ্যালয়টি আরো ভালো করবে ভবিষ্যতে।

এ দিকে নিজের ফেসবুক টাইমলাইনে আনন্দের এই সংবাদটি শেয়ার করেছেন মমতাজ বেগম। তিনি জানান, নিজের দায়িত্ব পালনে বদ্ধ পরিকর সর্বদা, বাকিটা মানুষই দেখবে কতটা সাফল্য আসে। কর্মের প্রতি নিষ্ঠা ও শিশুদের মায়ের মতো স্নেহে শিক্ষাকে আকর্ষণীয় করতে পারলেই শিক্ষাকে আগামী দিনের সম্পদ হয়ে উঠবে সবাই এমনটাই মনে করে তিনি।

Related Articles

Back to top button