জোনায়েদ সাকির ইউনিয়নের প্রায় ২০ তরুণ যোগ দিলো এনসিপিতে, পুষ্পমাল্যে বরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এনসিপিতে যোগ দিয়েছেন প্রায় ২০ জন তরুণ। তারা সবাই প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির ফরদাবাদ ইউনিয়নের বলে জানা গেছে।
সোমবার (১ জুন) সকালে বাঞ্ছারামপুর উপজেলা এনসিপি কার্যালয়ে তারা দলটিতে যোগদান করেন। এসময় তাদের পুষ্পমাল্যে বরণ করে নেয় বাঞ্ছারামপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ মাইনুদ্দিন।
এনসিপিতে যোগ দেয়া ব্যক্তিরা হলেন, ফারক খান, ইকবাল হোসেন, শাহপরাণ, আশিক, মারুফ, শরীফ, কাজী সবুজসহ অন্যান্যরা।
তারা এনসিপির কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে দলটিতে যোগদান করেছেন বলে জানান।
অন্যদিকে তারুণ্য শক্তির এই তরুণদের দলটিতে যোগ দেয়ার কারণে উপজেলাটিতে এনসিপি আরো শক্তিশালী হয়েছে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। স্থানীয়রাও বলছেন এতোদিন লোকসংকটে থাকা এনসিপি এখন পরিপূর্ণ হচ্ছে।
দলটির উপজেলার প্রধান সমন্বয়ক মো. মাইনুদ্দিন বলেন, এর মাধ্যমে উপজেলায় এনসিপির যাত্রা আরো সুসংহত হলো। তারুণ্য নির্ভর শক্তি নিয়ে আমরা বহুদূর যেতে চাই। উপজেলায় ধীরে ধীরে এনসিপির গণজোয়ার তৈরি হচ্ছে।
যোগ দেয়ার এনসিপি নেতাকর্মীরা উপজেলা চত্বরে জড়ো হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। এসময় তারা ছাত্রদল নেতা নয়ন ও ইনকিলাব মঞ্চের ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন।
এর আগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপার্থী হিসেবে মো. মাইনুদ্দিনের ঘোষণা করেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ।
মো. মাইনুদ্দিন এনসিপির বাঞ্ছারামপুর উপজেলার প্রধান সমন্বয়ক। জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে একাধিক বার নানা কারণে তিনি ছিলেন আলোচনায়। মানবিক ও এলাকার জন্য কাজ করে এই তরুণ এরইমধ্যে কুড়িয়েছেন বেশ প্রশংসা। জামায়তসহ সমমনা দলগুলোর সঙ্গে তার রয়েছে বেশ সখ্যতা। এছাড়াও তিনি হয়ে উঠেছেন পরিচিত এক মুখ। সাংগঠনিক জায়গা থেকে রয়েছেন অনেকটাই এগিয়ে।
নাম ঘোষণার পর এনসিপি নেতা মাইনুদ্দিন নিজের প্রতিক্রিয়ায় জানান, সবার ভালোবাসায় শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো। জনগণের সমর্থনই আমার একমাত্র অবলম্বন। দেখা হবে বিজয়ে।
নাম ঘোষণার পর তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। দলীয় নেতাকর্মীরা জানাচ্ছেন শুভেচ্ছা।



